ভোটে জেতার কয়েক ঘণ্টা পর স্ত্রীকে তালাক দেন নবনির্বাচিত ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা (৫৪)। এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী নার্গিস বেগম।
১৯ জুলাই (বুধবার) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি। মামলাটি আমলে নিয়ে আদালত সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বাদশা।
নাসির উদ্দিন পটুয়াখালীর দুমকী উপজেলার ৫ নম্বর শ্রীরামপুর ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।
মামলা সূত্রে জানা যায়, ১৭ জুলাই টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন নাসির উদ্দিন। ফল প্রকাশের কয়েক ঘণ্টা পর দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে তালাক দেন। দেড় বছর বয়সী সন্তানকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দেন।
এ ঘটনায় নার্গিস বেগম নারী ও শিশু নির্যাতন দমন ও যৌতুক নিরোধ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করেন আসামি। বিয়ের পরে বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। নির্বাচনের খরচের নামে ও ঋণের কারণে আরো টাকা দাবি করেন তিনি।
এ নিয়ে তার ওপর নির্যাতন চালাতেন আসামি। নার্গিসকে ১৮ জুলাই ঘরে আটকে রেখে মারধর করেন নাসির। এ সময় সাদা চারটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও টিপ নিয়ে ঘর থেকে বের করে দেন। দেড় বছর বয়সী সন্তানকে কোল থেকে ছিনিয়ে রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নার্গিস।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা বলেন, বেপরোয়া চলাচল ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর কারণে পারিবারিক সমঝোতার ভিত্তিতে ইসলামি শরিয়াহ মোতাবেক ও নগদ লেনদেন পরিশোধপূর্বক তালাক দেওয়া হয়েছে।
সন্তানের ব্যাপারে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে সন্তান রেখে চলে গেছেন। কেউ জোর করে বা ছিনিয়ে রাখেনি। নিকাহ রেজিস্ট্রার (কাজি) মাওলানা জাকারিয়া বলেন, আমার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতেই দুপক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিষয়টি অবগত না। তবে আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





