Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভিক্ষুকের টাকা ছিনতাই, ৪ নারী ছিনতাইকারী আটক

admin • 23 Aug 2023, 03:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভিক্ষুকের টাকা ছিনতাই, ৪ নারী ছিনতাইকারী আটক

চাঁদপুরে ভিক্ষুক আ. মতিন তালুকদার (৯৮) নামে বৃদ্ধের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ ওই চক্রের চার নারী সদস্যকে আটক করেছে।

 

তাদের কাছ থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। বুধবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।

 

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফারজানা আক্তার (১৪), বীথি আক্তার (১২), জান্নাতুল ফেরদৌস (১৩) ও ফারজানা আক্তার (১২)। ভুক্তভোগী আ. মতিন তালুকদার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে। তিনি গুচ্ছগ্রামের ১৫ নং ঘরে বসবাস করেন।

 

জানা যায়, বৃদ্ধ ভিক্ষুক আ. মতিন তালুকদার প্রতিদিনের মতো ভিক্ষা করতে নামেন। শুক্রবার দুপুরে ছিনতাইকারী চক্রের নারীরা শহরের জোড়পুকুর পাড় এলাকায় বৃদ্ধকে জানায় বিল্ডিংয়ের ওপরে এক ব্যক্তি ৫০০ টাকা করে দিচ্ছেন, তাড়াতাড়ি যান।

 

এ কথা শুনে বৃদ্ধ ভিক্ষুক বিল্ডিংয়ের ওপরে গেলে ছিনতাইকারীরা প্রথমে তার ভিক্ষার টাকা নিয়ে যায়। পরে বৃদ্ধের পরিহিত লুঙ্গি টান দিলে কোমরে থাকা সাড়ে ১৭ হাজার টাকা মাটিতে পড়লে টাকাগুলো উঠিয়ে ছিনতাইকারীরা নিয়ে যায়।

 

পরে বৃদ্ধের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই নিজাম উদ্দিন শহরের বিভিন্ন স্থান থেকে ওই চক্রের চার নারী সদস্যকে আটক করে ও নগদ সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করেন।

 

এসআই মো. নাজিম উদ্দিন বলেন, বৃদ্ধ ভিক্ষুকের টাকা নেয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়ে গেছেন। আর জান্নাতুল ফেরদৌস ছিনতাইয়ের টাকা থেকে নগদ ২ হাজার টাকার বিনিময়ে একটি মোবাইল সেট ক্রয় করেছেন।

 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, বৃদ্ধ ভিক্ষুকের বাকি টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।