নাটোরের নলডাঙ্গায় কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ আগস্ট) রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তারকৃত কৌশিক (২১) জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র। ভুক্তভোগী তরুণী একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রী অভিযুক্ত কৌশিকের বান্ধবী। গত ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা নিয়ে বেড়াতে আসেন তারা। একপর্যায়ে কৌশিক গোপনে ওই কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ফোনে ধারণ করেন। পরে তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন কৌশিক। এতে রাজি না হলে মোবাইলে ধারণ করা নগ্ন ভিডিও ওই ছাত্রীর অত্মীয়-স্বজনের সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ইন্টারনেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
পরে ৬ আগস্ট ওই তরুণী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে মামলা করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর থেকে কৌশিককে গ্রেপ্তার করে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গণমাধ্যমকে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





