Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে হত্যা

admin • 09 May 2023, 09:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে হত্যা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরে বাড়িতে ঢুকে রাবেয়া আক্তার (২১) নামে এক কলেজছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মা ও ছোট বোন আহত হয়েছেন।

সোমবার (৮ মে) সন্ধ্যা ৭টায় মহানগরের দক্ষিণ সালনায় ভুক্তভোগীর বাড়িতে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার।

রাবেয়া গাজীপুর মেট্রো সদর থানার দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। গুরুতর আহত মা বিলকিস বেগম (৪৫) ও ছোট বোন খাদিজা (১৪) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত সাইদুল ইসলাম (২৫) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। বাবা-মার সঙ্গে মহানগরের দক্ষিণ সালনা এলাকায় থাকতো।

গাজীপুর মেট্রো সদর থানার এসআই আবু সাঈদ জানান, আবদুর রউফ তার ছোট দুই মেয়ে খাদিজা ও জান্নাতের কোরআন শিক্ষার জন্য অভিযুক্ত সাইদুল ইসলামকে গৃহশিক্ষক হিসেবে রাখেন। কোরআন পড়ানোর জন্য বাসায় যাওয়ার সুবাদে বড় মেয়ে রাবেয়াকে বিয়ের প্রস্তাব দেয় সাইদুল। পারিবারিকভাবে প্রস্তাবে রাজি না হয়ে তাকে পড়ানোর জন্য নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাইদুল বিয়ের জন্য চাপ দেয় এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বিষয়টি অভিযুক্তের বাবা-মা’কে জানালে তারা তাকে ফিরিয়ে নেয়। রাবেয়া লেখাপড়ার পাশাপাশি সম্প্রতি মহানগরের তেলিপাড়া এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি নেন। তার কর্মস্থলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতে থাকে সাইদুল। বিষয়টি বাবা-মাকে জানালে উত্ত্যক্ত না করতে পুনরায় নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেয়। সোমবার সন্ধ্যায় বাড়ির প্রধান গেট খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে হাতে থাকা ছুরি দিয়ে রাবেয়ার মাথায়, গলায়, পায়ে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।

তিনি আরও জানান, তার চিৎকারে মা ও ছোট বোন দৌড়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশী মাহমুদুল ইসলাম তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে ৮টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।