কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিয়ের একদিন পর নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার ওই নববধূর বিয়ে হয়েছিল।
নিহত সাহিদা আক্তার উপজেলার শুভপুর ইউপির কটপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। সাহিদা স্থানীয় কাদৈর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। বর হলেন লালমাই উপজেলার মিতল্লা গ্রামের প্রবাসী ফারুক মিয়ার ছেলে আল আমিন।
জানা গেছে, শুক্রবার আল আমিনের সঙ্গে পাঁচ লাখ টাকা দেনমোহরে সাহিদার বিয়ে সম্পন্ন হয়। শনিবার আল আমিনের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠান শেষে স্বজনরা সাহিদাকে বাড়িতে নিয়ে আসেন। শনিবার রাতেই নতুন জামাই আল আমিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।
রাতের খাবার খেয়ে নবদম্পতি ঘুমিয়ে পড়ে। রোববার সকাল ৭টার দিকে নানী খুরশিদা বেগমের চিৎকারে লোকজন ছুটে এসে দেখেন সাহিদা সিঁড়ির রুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর নতুন জামাই আল আমিন ঘুম থেকে উঠে এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন।
নিহত সাহিদার স্বামী আল আমিন বলেন, শনিবার রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। রোববার সকালে ঘুম থেকে উঠে দেখি, সাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গত দুই দিনে আমাদের মাঝে কোনো ধরনের বাকবিতণ্ডা হয়নি। সে বিয়ের দিন থেকে চুপচাপ ছিল।
সাহিদার ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, প্রায় ৮ বছর আগে মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মা মুন্নি বেগম বোনকে বিয়ে দেন। এ বিয়েতে বোনের মত ছিল না।





