নিজের বিয়েতে অতিরিক্ত মদ্যপান করে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় সৌরভ সাহা (৩০) নামে সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে।
সৌরভ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার গৌরাঙ্গ সাহার ছেলে। সে কেরানীগঞ্জের জিনজির এলাকায় কাপড়ের ব্যবসা করত।
বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৌরভ বুধবার বিয়ে করেছিল।
সৌরভের বন্ধু অমিত সাহা বলেন, ‘গতকাল আমার বন্ধু সৌরভ গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বিয়ে করেন। মঙ্গলবার রাতে সে বন্ধুদের সাথে বিয়ে উপলক্ষে অতিরিক্ত মদ্যপান করে। এতে রাত থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং বুধবার তার বিয়ে হয়। পরে আবারো অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে আনা হলে জরুরী বিভাগে আনা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।’
অমিত সাহা বলেন, ‘শুকবার তাঁর বৌভাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সে মারা গেল। এখন তার নতুন বিয়ে করা স্ত্রীর কি হবে এবং তার পরিবারের অবস্থাই বা-কি হবে সেটা ভেবেই আমরা এখন দিশেহারা অবস্থায় আছি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।





