Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ে বাড়িতে পানি দিতে দেরি, বর–কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

admin • 16 Feb 2024, 09:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে পানি দিতে দেরি, বর–কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরে এক বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলে পানি দিতে দেরির জেরে বর ও কনে পক্ষে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

 

সংঘর্ষের সময় চেয়ারটেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা হয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরপর বর কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় তখন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েকদিন আগে কামাল দেশে আসেন।

 

শুক্রবার বর কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে আত্মীয়স্বজন নিয়ে কনে পক্ষের বাড়িতে আসেন। খাওয়া-দাওয়া শুরু হয়। কিন্তু খাওয়ার টেবিলে পানি দিতে দেরি হওয়ার জেরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভাংচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল ও খাবার।

 

সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত ও বেলাল হোসেন উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ৬ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনার জন্য বর ও কনে পক্ষ একে–অপরকে দায়ী করছেন।

 

চররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ারটেবিল ও প্যান্ডেল ভাংচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

 

লক্ষ্মীপুর সদর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।