Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিদ্যালয়ের বহুতল ভবন থেকে লাফ, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু

admin • 29 Jul 2025, 11:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিদ্যালয়ের বহুতল ভবন থেকে লাফ, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু

জীবনের আলো নিভে গেল কিশোরী সাথিয়া জান্নাত আলোর। বিদ্যালয়ের বহুতল ছয়তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া এই স্কুলছাত্রী শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো।

 
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটো)–তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলো।  
বকশীগঞ্জ পৌরসভার জেলখানা রোড এলাকার বাসিন্দা বাবু মিয়ার মেয়ে সাথিয়া জান্নাত আলো (১৩) উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।  
জানা যায়, ঘটনার শুরু ২১ জুলাই। দুপুরের পর বিদ্যালয় চলাকালীন সময় শিক্ষকদের দফতরের ঠিক ওপরে ছয়তলার ছাদ থেকে নিচে ঝাঁপ দেয় আলো। গুরুতর আহত অবস্থায় তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে দ্রুত ঢাকা নিটো হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চলে যায় না ফেরার দেশে।  
আলোর বড় বোন আখি আক্তার দাবি করেন, ওইদিন স্কুলে শিক্ষক নুর মোহাম্মদ টিসি দেওয়ার ভয় দেখিয়ে তার বোনকে চরম মানসিক চাপে ফেলেন। সেই চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে ভবনের ছাদ থেকে নিচে লাফ দেয় সে। “ওর হাসিমাখা মুখটাই এখন কেবল স্মৃতি,” বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনার জন্য সরাসরি শিক্ষক নুর মোহাম্মদকে দায়ী করেন এবং তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  
আলোর মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমেছে। এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। সহপাঠীরা এখনও বিশ্বাস করতে পারছে না, তাদের প্রিয় 'আলো' আর কখনো স্কুলের আঙিনায় ফিরবে না।  
এদিকে, মৃত শিক্ষার্থীর চাচা আবুল কালাম ওই শিক্ষককে অভিযুক্ত করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।