জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো পয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় তা বন্ধ হয়ে যায়।
আজ ( ২১ জানুয়ারী ) মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাহিদ নেওয়াজ জানান, আজ সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে।
এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে দুপুরে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণসামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়।
নাহিদ নেওয়াজ আরও জানান, সকালে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুঁয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির সদস্যরা বাধা দেয়।
এসময় বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যেতে বাধ্য হন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে।





