Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিজয়ের হুইসেলে উচ্ছ্বসিত জামালপুরবাসী

admin • 02 Dec 2023, 12:03 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিজয়ের হুইসেলে উচ্ছ্বসিত জামালপুরবাসী

হুইসেল বাজিয়ে জামালপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিজয়ের মাসে চট্টগ্রাম-জামালপুর আন্তঃনগর রেল ‘বিজয় এক্সপ্রেস’ প্রথমবারের মতো জামালপুরে আসলো। এতে জামালপুর রেলওয়ে স্টেশনে আনন্দ উল্লাসে মেতে স্থানীয়রা। ট্রেনটি জামালপুরে এসে থামলে পরিচালক ড্রাইভারসহ সকল স্টাফদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। পরে জামালপুর রেলওয়ে স্টেশননের আনুষ্ঠানিকতা শেষে প্রথমবারের মতো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় ট্রেনে উঠা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সহ অনেকেই।

 

এ উপলক্ষে জামালপুর রেলওয়ে স্টেশনে আপামর জামালপুরবাসীর ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।

 

ট্রেনটি উভয় পথে যাত্রাবিরতি দেবে পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরীপুর, আঠারবাড়ী, কিশোরগঞ্জ, সচরাচর, ভৈরব বাজার, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী ও ভাটিয়ারী স্টেশনে।

 

বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুরে আসা উপলক্ষে রেলস্টেশনে আয়োজন করা হয় আলোচনা সভা। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, পৌর আওয়ামী লীগের সদস্য এস এম মোয়াজ্জেম হোসেনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কয়েক হাজার সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন ।

 

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুরের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিকেল ৫টায় পৌঁছায়। সেখানে বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের প্রতিবাদ ও ময়মনসিংহ থেকেই চলাচল করার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।এতে ময়মনসিংহে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে থাকে। পরে জামালপুরে রেলওয়ে স্টেশনে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি পৌঁছায়। ২১৫ জন যাত্রী নিয়ে রাত ৮টায় জামালপুর রেলওয়ে স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলে ট্রেনটি বিলম্বে ছাড়ে।

   

বিজয় এক্সপ্রেস চালু হওয়াতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে যোগাযোগে দুরত্ব ও ভাড়া কমার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।

   

জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের এক দশকের আন্দোলন শেষে বিজয়ের মাসে বিজয় এক্সপ্রেস ট্রেনটি পেয়েছি। এখন থেকে চট্টগ্রামের দূরত্ব অনেকটাই কমে এসেছে।

 

জামালপুরবাসীর একটি আশা ছিল বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চলবে। আজ সেই আশা পূর্ণ হয়েছে। বিজয় ট্রেন আশায় আমরা আনন্দিত ও উৎসাহিত। জামালপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, আজ থেকে প্রথমবারের মতো বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে চলাচল শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।