পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার সামনে ট্রাক্টরের নিচে পড়ে ক্ষত বিক্ষত হয়ে আব্দুল্লাহর করুন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে।
প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক শাহীন হাওলাদার বলেন, আজ সকালে কচা নদী সংলগ্ন একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি নাইলনের দড়ি পেঁচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক হাসান ইঞ্জিন চালু রেখে ট্রাক্টরটি থামান। এ সময় আব্দুল্লাহ নিজে পেঁচানো দড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহূর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভেতরে ঢুকে পড়ে।
শাহীন হাওলাদার বলেন, ‘পরে আব্দুল্লাহ চিৎকার করে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার বাবা হাফিজ পঞ্চায়েতসহ আমরা তিনজন উপস্থিত ছিলাম। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হওয়া আব্দুল্লাহকে বের করা হয়। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়।’
নিহতের বাবা হাফিজ পঞ্চায়েত বলেন, ‘নিজের চোখের সামনে সন্তানের করুন মৃত্যু দেখেছি। কান্না করা ছাড়া আর কিছুই আমাদের করার ছিল না। চোখের সামনেই আমার সকল স্বপ্ন শেষ।’
এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে এ দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। ছেলেটির এমন মৃত্যু সত্যিই দুঃখজনক। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে বিকেলে পুলিশ পাঠানো হয়েছে।





