নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে বাবার ঘোড়ার গাড়ির চাকার নিচে চাপা পড়ে সাদমান শেখ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাদমান ওই গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। হাফিজুর একজন দরিদ্র ঘোড়ার গাড়িচালক। প্রতিদিনের মতো তিনি নদী থেকে পঁচানো পাট (জাগ দেওয়া পাট) ঘোড়ার গাড়িতে বোঝাই করে বাড়ি ফিরছিলেন। এসময় ছোট্ট সাদমান বাবার গাড়ির পাশে পাশে হেঁটে আসছিল। কিছু দূর আসার পর হঠাৎ সে পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে যায়। ভারী চাকা শিশুটির পেটের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে চিৎকার শুরু হয়। আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের কেউ কোনো অভিযোগ না করায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।’





