বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং থ্রিলার দোলনার নিচে পাহাড়ি খাদ থেকে মারুফ নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সুইং থ্রিলার দোলনার নীচে পাহাড়ের খাদের প্রায় ২০০শ ফিট নীচ থেকে লাশটি উদ্ধার পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত মারুফের বাড়ি ঢাকার গাজীপুরে। পুলিশের ধারণা, সে দোলনা থেকে পাহাড়ের খাদে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে মারুফ নীলাচল পর্যটন কেন্দ্রের নীলাম্বরী কটেজে রুম ভাড়া নেয়। সকাল থেকে তাকে খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে হোটেল কর্তৃপক্ষ দোলনার পাশে একটি চিরকুট দেখতে পায়।
চিরকুটে লিখা ছিল- ‘আমরা লাশ পাওয়া গেলে যেন আমাকে বান্দরবানে কবর দেয়া হয় এবং আমার রেখে যাওয়া মোবাইল বিক্রি করে যেন দাফনের কাপড় কেনা হয়।’
বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে যুবকের লাশ উদ্ধার করে। পরে যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে ঐ পর্যটক আত্নহত্যা করেছে।





