জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের অষ্টমী ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন। ৮ বছর বয়সী নিহত শিশুটির নাম আনাম মিয়া। সে ইসলামপুর পৌর শহরের সরদারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।'
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশু আনাম প্রতিবেশী তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে খেলতে বের হয়। খেলতে খেলতে তারা ব্রহ্মপুত্র নদের শাখা নদের মৌজাজাল্লা গ্রামের অষ্টমী ঘাটে বন্যার পানিতে গোসল করতে নেমে পড়ে। গোসলের একপর্যায়ে আনাম মিয়া বেশি পানিতে এগিয়ে গেলে ডুবতে শুরু করে। এই দেখে বাকি তিন শিশু বন্ধুর চিৎকার ও কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আনামকে ডুবতে দেখতে পায়।'
পরে তারা দ্রুত আনাম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের শিশুটিকে মৃত ঘোষণা করেন। পথেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান।'
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।'
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’





