বগুড়ায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ( ডিবি)। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শহরের মালতীনগর শিশুমঙ্গল হাসপাতাল মোড়ের ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।





