বগুড়ায় একটি বসতবাড়িতে বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে শহরের মালতিনগর এলাকার মোল্লাপাড়ায় রেজাউল করিম ও রাশেদুল ইসলাম নামে দুই সহোদরের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতেরা হলো–সুমাইয়া আক্তার রিমি (১৪), জিম (১৬), বুশরা (১৪) ও রেবেকা বেগম। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বুশরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৯টার দিকে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চাল উড়ে যায় এবং কংক্রিটের দেয়াল ধসে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ জানতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানায়, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে, সেই ঘরে রেজাউল মন্ডলের মা রেজিয়া বেগম বসবাস করেন। কিন্তু বিস্ফোরণের সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িটিতে পটকা তৈরি হতো।
বগুড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল জলিল বলেন, বাড়িটিতে গ্যাস সিলিন্ডার থাকলেও সেটি অক্ষত রয়েছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।





