সাভারের আশুলিয়ায় নদী থেকে রুবিনা খাতুন (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে বংশাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবিনা খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রামপুর গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে।
জানা যায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলে–মেয়েকে গ্রামের বাড়িতে রেখে নরসিংদীর পলাশে একটি টেক্সটাইল কারখানায় চাকরি করতেন রুবিনা এবং কারখানার কোয়ার্টারে বাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার বংশাই নদীতে একটি অজ্ঞাতনামা নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এ ঘটনায় রোববার নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।





