ফরিদপুর-৩ আসনের পৌর এলাকার ১৪নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের সমর্থকদের মিছিলে হামলা করেছে নৌকার সমর্থকরা। এ সময় আহত হয়েছেন ঈগল প্রতীকের ৮ সমর্থক।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের মাহমুদপুর এলাকায় নির্বাচনী ক্যাম্প থেকে একটি মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের সমর্থকরা। এ সময় পৌরসভার কাউন্সিলর মোবারক খলিফার নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়।
এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন। এরমধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করানো হয়।
আহতদের দাবি, হামলাকারীরা নৌকা স্লোগান দিয়েই তাদের মিছিলে হামলা করে। তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। ঈগলের সমর্থনে মিছিল, প্রচারণা করলে হামলা করা হবে বলে হুমকিও দেয়া হয়।
পরে শহর আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে আবার মেডিকেলে এসে শেষ হয়।
এসময় আ. লীগ নেতা মনির বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।





