Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমের টানে বাংলাদেশে এলেন ইন্দোনেশীয় তরুণী

admin • 05 Oct 2024, 07:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রেমের টানে বাংলাদেশে এলেন ইন্দোনেশীয় তরুণী

ইন্দোনেশিয়া থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক তরুণী। ধুমধাম করে বিয়ে করেছেন কুমিল্লার এক যুবককে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

 

ওই তরুণীর নাম নাজিফা মুনজারিন ওরফে সিনতা (২৫)। মালয়েশীয় একটি প্রতিষ্ঠানে কাজের সুবাদে তার সঙ্গে পরিচয় হয় কুমিল্লার যুবক আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ ওরফে অপুর (৩২)। পরিচয় থেকে প্রেম। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

 

জানা গেছে, ইমতিয়াজ কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার শামসুদ্দিন আহাম্মদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। আর নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকের মেয়ে। সিনতা জন্মগতভাবেই খ্রিষ্টধর্ম পালন করতেন।

 

গত ২৭ সেপ্টেম্বর অপুর সঙ্গে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন সিনতা। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে বসেন বিয়ের পিঁড়িতে। দুই পরিবারের সম্মতিতেই সিনতাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন বর আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ। কিছুদিনের মধ্যেই ইন্দোনেশিয়া গিয়ে সেদেশের রীতিতে তাদের বিয়ের আরেকটি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি।

 

বিয়ের পর নাজিফা মুনজারিন বলেন, ইমতিয়াজের পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছে। ইমতিয়াজ মানুষ হিসেবে অসাধারণ। তারা সবার কাছে দোয়া চান। পুরো জীবন একসঙ্গে কাটাতে চান।

 

আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ বলেন, ‘একই কোম্পানিতে কাজ করার সুবাদে একপর্যায়ে ভালো বন্ধুত্ব হয় আমাদের। পরে প্রেমের সম্পর্ক হয়। প্রেম-ভালোবাসাকে সত্যিকারের রূপ দিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সিনতা মালয়েশিয়ায় থাকলেও তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন। তিনি তার পরিবারকে জানিয়েই বাংলাদেশে এসেছেন এবং পরিবারের সম্মতিতেই আমাকে বিয়ে করেছেন।’

 

তিনি আরও বলেন, কয়েকদিন বাংলাদেশে থাকার পর ইন্দোনেশিয়ায় ফিরে সেদেশের রীতি অনুযায়ী সিনতার পরিবারের পক্ষ থেকে আবার আমারদের বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।