মাদারীপুরের শিবচর উপজেলায় প্রেম করে বিয়ে করার প্রায় ছয় মাসের মাথায় স্ত্রীকে বাড়িতে না নিয়ে উল্টো মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ মে) শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।ভুক্তভোগী হলেন, একই ইউনিয়নের মোজাফরপুর এলাকার মোসলেম মাদবরের মেয়ে জোসনা বেগম।
অভিযুক্ত ব্যক্তি শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের পান্না মৃধার ছেলে খালিদ মৃধা।
ভুক্তভোগী পরিবার জানান, জোসনার খালিদ মৃধার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের বিষয়টি খালিদের পরিবারে জানাজানি হলে জোসনার সঙ্গে খালিদের পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের সৃষ্টি হয়।
এরই জের ধরে গত ২২ মে রাত ৯টায় জোসনার দুলাভাইয়ের বাড়ি (পাচ্চর ইউনিয়নের বৈকণ্ঠপুর) বসে কথা-কাটাকাটির একপর্যায়ে খালিদ জোসনাকে মারধর করে। পরে ভুক্তভোগী জোসনাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





