জামালপুরে দুই ছাত্রলীগ নেতা প্রকাশ্যে অস্ত্র হাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করেছেন। অস্ত্র হাতে ধাওয়া করা দুই যুবকের ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার বেলা তিনটার দিকে জামালপুর শহরের হাইস্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুই নেতার নাম শাহরিয়া ইসলাম রাফি ও নাফিজুর রহমান তুষার। এর মধ্যে রাফি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। আর তুষার ছাত্রলীগের কর্মী।
দুপুর তিনটার দিকে শহরের নতুন হাইস্কুল এলাকায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দেন। এতে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবারও কলেজের দিকে চলে যাচ্ছিল। এ সময় ওই দুই যুবকে প্রকাশ্যে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ধাওয়া করতে দেখা যায়।
এসব বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান মোবাইল ফোনে বলেন- এসব গুজব। ছাত্রলীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো অস্ত্র ছিলো না। এসব ছবি এডিট করা হয়েছে। আন্দোলনকারীরা প্রথমে আমাদের উপর হামলা করেছে। রাফি আমার সাথে ছিলো। তার কাছে কোনো অস্ত্র ছিলো না। যে ছবি ভাইরাল হয়েছে। তারা আমাদের কেউ না। ওদের সাথে আমাদের নেতাকর্মীর চেহারার মিল নেই।
এসব বিষয়ে জানতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে দুইবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে অন্য সাংবাদিকদের তিনি বলেন,‘ওই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অস্ত্রধারী কেউ ছিল না কি না-সেটা নিশ্চিত বলতে পারবো না। যদি কারো হাতে অস্ত্র থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





