Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রকাশককে পেটানোর হুমকি, জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

admin • 21 Jan 2024, 10:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রকাশককে পেটানোর হুমকি, জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমানের বিরুদ্ধে জিডি করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় 'দৈনিক পটুয়াখালী প্রতিদিন' পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদল সদর থানায় এই সাধারণ ডায়েরি করেন।

 

জানা গেছে, দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদল কে ‘ঠ্যাং উপরে উঠিয়ে’ পিটানোর হুমকির অভিযোগে এ জিডি করা হয়। এ ব্যাপারে তাঁর করা পটুয়াখালী সদর থানার জিডি নম্বর ১০৩৯, তারিখ ২০/০১/২০২৪।

 

এর আগে, জেলা চেয়ারম্যানের দেওয়া এ হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার ফলে শহরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

পৌরসভার সামনে জেলা রিকশাচালক ইউনিয়নের অফিস গত ১৯ জানুয়ারি শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে এমন বক্তব্যর ১১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে কামরুল ইসলাম নামের একটি আইডিতে পোস্ট হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

ভিডিওটিতে দেখা যায়, ১১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওটির ১০ মিনিট ৪ সেকেন্ডের সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘একটা কুচক্রি মহল আমাদের ক্ষতি করছে পটুয়াখালীবাসীকে। সেটা হলো মেয়র বাদলকে আপনার সবাই চেনেন। একটা মিটিংয়ে আমি বলেছিলাম, আমার যদি ক্ষমতা থাকতো তাইলে ওর ঠ্যাং উপরে উঠিয়ে আমি পিটাইতাম।’ এ সময় উপস্থিত সকলে ঠিক ঠিক বলে চিৎকার করে।

 

এ বিষয়ে দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বলেন, 'সন্ত্রাসীর কাজ হুমকি দেওয়া। তার চেয়ার আছে হুমকি দিবে, কিছু করার আছে আমার। আমি প্রশাসনকে জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরি করেছি। বাকিটা প্রশাসনের বিষয়।’

 

জিডির বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান জানান, ‘হামলার হুমকি না এটা। (বাদল) আসলেই একটা খারাপ প্রকৃতির লোক। ওর জন্য পটুয়াখালীর ১৩টি ব্রিজ বাতিল হয়েছে। ব্রিজগুলো হলে পটুয়াখালীর সৌন্দর্য আরো কত বাড়তো।’ এই কথা বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন সাধারণ ডায়রির কথা স্বীকার করে বলেন, ‘এটি (সাধারণ ডায়েরি) আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।