Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পুলিশ দেখে পালাতে গিয়ে আটক ডাক্তার, লুঙ্গির কুচিতে মিলল ইয়াবা

Shakib Nahid • 08 May 2026, 11:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুলিশ দেখে পালাতে গিয়ে আটক ডাক্তার, লুঙ্গির কুচিতে মিলল ইয়াবা
জামালপুরের মেলান্দহ উপজেলায় ১৫১ পিস ইয়াবাসহ আবুল বাসেদ (৫৫) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৮ মে ) সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ওসি মো. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসেদ পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির সামনের বাম কুচি থেকে নীল রঙের বায়ুনিরোধক পলিথিন জিপারে রাখা ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবুল বাসেদ এলাকায় ‘বাসেদ ডাক্তার’ নামে পরিচিত। তিনি উপজেলার আদিয়ারপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১৫ দশমিক ১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাসেদ ডাক্তার উপজেলার দিলালিরপাড়া এলাকার শাহজাহান সোজা (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এসব ইয়াবা সংগ্রহ করেছিলেন। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক রয়েছেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো. আব্দুল কাইয়ুম বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।