Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পরাজিত আ.লীগ প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির রংপুর সিটি মেয়র

admin • 29 Dec 2022, 09:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পরাজিত আ.লীগ প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির রংপুর সিটি মেয়র
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সরকারদলীয় পরাজিত প্রার্থী এড. হোসনে আরা লুৎফা ডালিয়ার বাসায় ফুল নিয়ে দেখা করেছেন বিপুল ভোটে নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সৌজন্য সাক্ষাতে সিটির উন্নয়নে তার পরামর্শসহ সহযোগিতাও তিনি। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গুপ্তপাড়ায় ডালিয়ার বাসভবনে এসৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত মোস্তফা।

রংপুর সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে নির্বাচনে অংশ নেওয়া হোসনে আরা লুৎফা ডালিয়াসহ সকল মেয়র প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়ে মোস্তাফিজার রহমান বলেন, রংপুরতো আমার একার নয়, সবদল ও মতের মানুষের। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সবার সহযোগিতা চাই। আমি তাদের আমন্ত্রণ জানাব।

আমি মনে করি, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ও মতামত থাকা প্রয়োজন। সবার সহযোগিতা না থাকলে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হয় না। এজন্য সবার অংশগ্রহণ দেখতে চাই। আমি সবার মতামতের আলোকে রংপুরকে এগিয়ে নিতে চাই।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এবার রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নৌকার চেয়ে মোস্তফাজিার রহমান মোস্তফা ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে ৫ হাজার ৮০৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট। খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু দেওয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ২ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।