Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

admin • 29 Jul 2024, 06:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে জেসমিন বেগম নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে তার স্বামী মিলন শেখকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আসামি মিলন শেখ ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার মো. সিদ্দিক শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়ার প্রতিবাদের জের ধরে ২০১৯ সালের ২০ মার্চ সকালে বিলমামুদপুরের আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার স্বামীর বসতঘর থেকে জেসমিন বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তাকে স্বামীর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় একইদিন কোতোয়ালি থানায় গৃহবধূ জেসমিনের বাবা ইউনুস শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৭ জুলাই অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করে।

রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।