পঞ্চগড়ে ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এক সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ। আটকৃতরা হলেন মাদক কারবারি শাহিন ফেরদৌস (৩৮) ও গাড়ি চালক সোহেল রানা (২৪) । রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম।
এ সময় তিনি জানান, আটকৃতরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে এসব এসব মেডিসিন সংগ্রহ করে প্রত্যন্ত এলাকায় মাদক হিসেবে বিক্রি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন নিয়ে পঞ্চগড়ে আসছেন তারা। পরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় তাদের গতিরোধ করে শাহিন ফেরদৌসের কাছে থাকা একটি ব্যাগে নেশাজাতীয় ১ হাজার পিস ইজিয়াম ও ১ হাজার পিস ফেনারেক্স ইনজেকশন উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
আটকৃত শাহিন ফেরদৌসের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দর্জিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। সে বর্তমানে রংপুর শহরের ধাপ বিহারীপাড়ায় থাকে।
আটককৃত অপরজন হলেন মাইক্রোবাস চালক সোহেল রানা। তিনি জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চাত্রাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।





