গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না করানোয় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তাজুল ইসলাম (১৮) নামে এক তরুণ বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর উত্তর গজারিয়া পাড়া এলাকার মানিকদিঘি পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।
তাজুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাই টিলা গ্রামে। তার বাবা হোসেন ইসলাম (৪৫)। তিনি গাজীপুরে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
তাজুলের বোন জামাই আরিফ বলেন, ‘তাজুল রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফিরে পরিবারের সদস্যদের জানান একটি মেয়েকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান। বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানালে তারা আপাতত বিয়ে করাবে না বলে জানিয়ে দেন। এছাড়া বিয়ে করালেও গ্রামের বাড়িতে নিয়ে করাবেন বলে মত দেন। এই অভিমানে দুপুরে বাড়ির পাশে লিচু গাছে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন।’
তাজুলের মামা বিল্লাল হোসেন বলেন, ‘আমি গ্রামে ছিলাম। আজ গাজীপুরে এসে জানতে পারি আমার ভাগ্নে আত্মহত্যা করেছে।’
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তাজুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।





