সুনামগঞ্জের শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে সুজন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামের পাশের নদীতে এ ঘটনা ঘটে। পরে দুপুরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুজন (২৭) শাশখাই গ্রামের (নতুনহাটি) সরজীবন দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন সুজন (২৭)। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ২ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।
শাল্লা থানার ওসি মিজানুর রহমান বলেন, নদীতে পড়ে এক যুবক নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে।





