নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো, হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির মো. সোহেলের ছেলে মুনতাহা (২) ও সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।
নিহত আছিয়া ও মুনতাহার স্বজন আরাফাত হোসেন জানান, তিন ভাই বোনের মধ্যে শিশু আছিয়া ও প্রবাসী সোহেলের মেয়ে মুনতাহা ছিল সবার ছোট। প্রতিদিন বাড়ির শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতো তারা। মঙ্গলবার সকালে শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে বেলা ১১টার তাদের দুই জনকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
অপরদিকে সুবর্ণচরে নিহত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন বলেন, মুজাহিদুল ইসলাম আমার বোনের ছেলে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে ঘরের বাইরে খেলাধুলা করছিলো সে। তার মাসহ পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল। এরমধ্যে কোনো একসময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘসময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে মুজাহিদকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





