ফরিদপুরের মধুখালীতে মুরগির ফিড বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশিক হোসেন (২০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
সোমবার (১২ মে) ভোর সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আশিক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ইউনিয়নের মাঝিবাড়ি নামক স্থানে ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেইনট্রি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আশিক হোসেন নিহত হন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাকের দরজা ভেঙে ট্রাক চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ বর্তমানে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





