জামালপুরের ইসলামপুরে চার বন্ধু একসঙ্গে রেল সেতুতে থেকে লাফ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় বন্যার পানিতে পড়ে নিখোঁজ কিশোর মৃদুল মিয়ার (১১) লাশ ব্রহ্মপুত্র নদে ভেসে উঠেছে।
সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে মৃদুল মিয়ার লাশ ভেসে ওঠে। মৃদুল মিয়া ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, সোমবার দুপুরে ব্রহ্মপুত্র নদের পানিতে মৃদুল মিয়ার লাশ ভেসে উঠেছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত শনিবার দুপুরে একই এলাকার বন্ধু সুজন, ওয়ারেছ এবং ইমন মিয়ার সঙ্গে মৃদুল মিয়া বাড়ির অদূরে পৌরসভাট পাটনীপাড়া রেলসেতুতে গোসল করতে যায় মৃদুল মিয়া। একপর্যায়ে লোহার নির্মিত রেলসেতুর দাঁড়িয়ে থাকাকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা ট্রেন সেতুতে পৌঁছালে অন্য বন্ধুরা ঝাঁপিয়ে পানিতে পড়ে সাঁতরে উঠলেও সময় মতো ঝাঁপ না দিতে পারায় ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয় মৃদুল মিয়া।
পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে উদ্ধার অভিযান স্থগিত করেছিলো ডুবুরী দল।





