টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রাম থেকে ফয়সাল (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ওই গ্রামের একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ফয়সালের স্বজনেরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়তে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়।
শনিবার সকালে স্থানীয় লোকজন ধলাটেঙ্গর গ্রামের একটি বাগানে ফয়সালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ফয়সালের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখেছে।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





