নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ফিরোজ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা সিরাজুল ইসলাম নামে অপর একজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ হোসেন নাটোর শহরের আলাইপুর মহল্লার কিয়ামত আলীর ছেলে ও আহত সিরাজুল ইসলাম শহরের ঝাউতলা এলাকার মৃত আশকান আলীর ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ফিরোজ ও সিরাজুল নাটোরের সিংড়া থেকে মোটরসাইকেলযোগে নাটোর শহরে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকার পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ফিরোজ ও সিরাজুল গুরুতর আহত হন।
মিজানুর রহমান আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য ভর্তি করেন।





