নাটোরে জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২২ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ। এর আগে গতকাল মঙ্গলবার সাড়ে ১০টার দিকে নাটোর সদরের ধরাইল বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রিপন (৩৩) ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু (২০)।
র্যাব কর্মকর্তা হাসান মাহমুদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধরাইল বাজারে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এ সময় বাংলাদেশি এক হাজার টাকার ১২টি এবং পাঁচশত টাকার ২৪টি জাল নোটসহ রিপন আলী ও লাবনী আক্তার রিমু দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, রিপন এবং তার স্ত্রী সংঘবদ্ধ জালিয়াতি চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। র্যাব তাদের মূল প্রস্তুতকারক এবং সরবরাহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





