Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে ইউপি চেয়ারম্যানকে মারধর ,কার্যালয় ভাঙচুর

admin • 13 Jun 2024, 05:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাটোরে ইউপি চেয়ারম্যানকে মারধর ,কার্যালয় ভাঙচুর

ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মারধর ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বনপাড়া হাটিকামরুল মহাসড়ক প্রায় আধা ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

মাঝগাঁ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল অভিযোগ করেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১০ কেজি করে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণের জন্য তার ইউনিয়নের ২ হাজার ২৪৯ জন দুঃস্থ মানুষের তালিকা তৈরি করা হয়। আগামী ১৫ জুন তালিকা অনুযায়ী চাল বিতরণ করার কথা রয়েছে।

 

কিন্তু বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে স্থানীয় কিছু লোকজন ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির নাম ব্যবহার করে বরাদ্দের ৫০ শতাংশ কার্ডের দাবি করে। কিন্তু তা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট ও দপ্তরে ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস জানান, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে মারপিট ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ উপকারভোগীরা। দুপুর ১টা থেকে বিক্ষুব্ধ জনতা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে। পরে দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিবসহ আমি ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। এরপর শুরু হয় যান চলাচল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।