চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নদী থেকে গলায় রশি বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১০ জুন) উপজেলার হাইলধর ইউনিয়নের হাজী দৌলত মাজার এলাকায় শঙ্খ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহটি আবুল বাশার (৪৫) নামে এক ব্যক্তির।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় বাড়ি হলেও হাইলধর এলাকায় স্থানীয় এক ব্যক্তির গরুর খামারে কাজ করতেন তিনি। এ ঘটনায় পুলিশ নিহতের সহকর্মী মো. ইসমাইল (৪০) নামে একজনকে আটক করেছে। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়।
আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গলায় রশি বাঁধা অবস্থায় বাশারের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তিনি ওই এলাকায় এক ব্যক্তির গরুর খামারে কাজ করতেন। জিজ্ঞাসাবাদের জন্য তার সহকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।





