Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ দিনমজুরের মৃত্যু

admin • 29 Apr 2024, 06:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ দিনমজুরের মৃত্যু

নরসিংদীর পলাশে তীব্র তাপদাহে ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে ‘হিট স্ট্রোকে’ মানিক মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশালের একটি ধানের জমিতে তার মৃত্যু হয়।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পলাশ দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, নিহত দিনমজুর মানিক মিয়া লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার বাসিন্দা।

সঙ্গে থাকা শ্রমিকদের বরাতে ডা. পলাশ দাস বলেন, ‘দুপুরে ১০ জন শ্রমিক মিলে ঘোড়াশালের একটি ধানের জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড তাপদাহে দিনমজুর মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা চিকিৎসকের।’

উল্লেখ্য, সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যে সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের চার জেলা চুয়াডাঙা, যশোর, পাবনা ও রাজশাহীতে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। পূর্বাভাসে বলা হয়েছে, অসহনীয় গরম থাকবে আরও অন্তত দুইদিন। তবে স্বস্তির বিষয় হলো, বৃহস্পতিবার থেকে ঢাকাসহ অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ৭ মে থেকে আবারও তাপপ্রবাহ ও তীব্র গরমের শঙ্কার কথাও জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।