পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) এর গভার্নমেন্ট রিলেশন কমিটির নবনির্বাচিত ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
শনিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে উপজেলা খেলোয়াড় পরিবারের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জের সাবেক ফুটবলার শাহিনুর রহমান বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের গভার্নমেন্ট রিলেশন কমিটির নবনির্বাচিত ডেপুটি চেয়ারম্যান ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল। বিগত ফ্যাসিস্ট সরকারের আত্মীয়করণ এবং দলীয়করণের কারণে ফুটবলের মান বিশ্ব র্যাঙ্কিংয়েই অনেক পিছিয়েছে। এখন আমাদের দেশের ফুটবলের মান নেপাল, ভুটানের পর্যায়ে নেমে গেছে। আমি বাফুফের সভাপতির সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করব তৃণমূল পর্যায়ের মেধাবী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে এনে দেশীয় কোচ দিয়ে প্রশিক্ষণ দিয়ে ভালো খেলোয়াড় তৈরি করার। আমরা দলমত নির্বিশেষে ফুটবলের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং খেলার আধুনিকায়নে নিরলস কাজ করে যাব।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, সাবেক ফুটবলার আতাহার হোসেন হারেজ, সাবেক ক্রিকেটার শাহিনুর রহমান গুড্ডু, ফুটবলার সাদ্দাম হোসেন পাটোয়ারী প্রমুখ।





