পারিবারিক কলহের জেরে টাঙ্গাইলের কালিহাতীতে আনছের আলী নামে বৃদ্ধ দাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নাতি মফিজুলের বিরুদ্ধে।
রোববার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত দাদা আনছের আলী স্বরূপপুর গ্রামের মৃত নালু শেখের ছেলে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে ফারুক ও নাতি মফিজুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
সোমবার (১৮ ডিসেম্বর) নিহতের মেয়ে নুরবানু কালিহাতী থানায় বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা করেছেন বলে ওসি কামরুল ফারুক জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ফারুক ও নাতি মফিজুলের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দাদা আনছেরের মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে নাতি মফিজুল।
এতে তার মাথা থেঁতলে যায়। পরে পরিবারের লোকজন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা করেছেন। হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।





