গোপালগঞ্জে থ্রি হুইলার ও মাটিবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খলিফা (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার যাত্রী।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যবসায়ী নজরুল ইসলাম খলিফা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার মৃত তহম আলী খলিফার ছেলে।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, একটি থ্রি হুইলারে করে কয়েকজন যাত্রী টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জে আসছিলেন। এ সময় থ্রি হুইলারটি সদর উপজেলার নিলার মাঠ এলাকায় পৌঁছালে একটি মাটি টানা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুল খলিফা মারা যান এবং থ্রি হুইলার অপর চার যাত্রী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার মৃত তহম আলী খলিফার ছেলে।





