Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

তরুণীকে মাথা ন্যাড়া করে নির্যাতন, মামলা দায়ের

admin • 02 May 2023, 10:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তরুণীকে মাথা ন্যাড়া করে নির্যাতন, মামলা দায়ের

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক তরুণীকে নির্যাতন এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১ মে) রাতে এমন অভিযোগ এনে রাজধানীর ভাটারা থানায় একটি মামলাও দায়ের করেছে ভুক্তভোগী ২০ বছর বয়সী ওই তরুণী।

 

মামলা তদন্তের দায়িত্বে থাকা ভাটারা থানার পরিদর্শক মো. শরিফুল ইসলাম  বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে বসুন্ধরা আবাসিক এলাকার মাদানী এভিনিউয়ের একটি নার্সারির ভেতরে নির্যাতনের শিকার হয়েছেন ওই তরুণী। তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। পূর্ব শত্রুতার বিষয়টি কী ছিল, তার তদন্ত এরইমধ্যে শুরু হয়েছে।’

 

তিনি বলেন, ‘সেই তরুণী কার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে সেই নার্সারিতে গিয়েছিলেন, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।’

 

ভাটারা থানার পরিদর্শক আরও বলেন, ভুক্তভোগী তরুণী এখন অনেকটাই ভীত সন্ত্রস্ত। স্বাভাবিক হলে তার সঙ্গে আমরা কথা বলবো। এছাড়া তার বাবাও হাসপাতালে ভর্তি রয়েছেন। সব বিষয় বিবেচনা করে আমরা গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছি। বসুন্ধরা আবাসিক এলাকার অজ্ঞাতনামা চার-পাঁচজন সিকিউরিটি গার্ডকে আসামি করা হয়েছে। এ ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে আমরা কাজ করছি।

 

মামলার এজাহারে বলা হয়েছে, অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া ছিলেন ওই তরুণী। পূর্ব শত্রুতার জেরে বসুন্ধরা আবাসিক এলাকায় অজ্ঞাত চার-পাঁচ জন সিকিউরিটি গার্ড ৩০ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে ওই তরুণীর বাসার ঠিকানায় এসে জোর করে তাকে বসুন্ধরা মাদানী এভিনিউ নার্সারির ভেতরে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি মারধর করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখম এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। পরে তার মা ও বোন ভাটারা থানা পুলিশের সহায়তা নিয়ে তাকে উদ্ধার করে এবং নার্সারিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।