Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনের সঙ্গে মাইক্রোবাস সংঘর্ষ, আহত ২

admin • 20 Mar 2023, 02:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রেনের সঙ্গে মাইক্রোবাস সংঘর্ষ, আহত ২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।

 

রোববার (১৯ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মাইক্রোবাসচালক সালাম মিয়া (৩৭) ও মাইক্রোবাসের মালিক আবুল কালামের মা জয়তুন নেছা (৫৫)।

 

স্থানীয় সূত্র জানায়, রেলক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটি রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় গাড়িচালকসহ এক নারী যাত্রী গাড়ি থেকে দ্রুত বের হয়ে নোহা মাইক্রোবাসের পাশে দাঁড়ান।

   

এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের ধাক্কায় নোহা মাইক্রোবাসটি তাদের ওপরে গিয়ে পড়ে তারা গুরুতর আহত হন। রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল।

 

শমসেরনগর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি রোববার সকালে শমসেরনগর রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৪-০৯৯৮) শমসেরনগর এয়ারপোর্ট রোড থেকে মোকামবাজার বাইপাস সড়কে যাওয়ার সময় অরক্ষিত ক্রসিং দিয়ে রেললাইন অতিক্রম করছিল। মাইক্রোবাসটি রেলের ওপর ওঠে স্টার্ট বন্ধ হয়ে গেলে বিপরীতমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে এ সংঘর্ষ হয়। অরক্ষিত লেভেলক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ করে দুদিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।