সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করে প্রতারিত না হতে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘রেলওয়ে সব আন্ত নগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করেছে। ইদানীং লক্ষ করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রয়ের চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।





