Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকে আগুন দিয়ে ভিডিও করে পালাল দুর্বৃত্তরা

admin • 06 Nov 2023, 06:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাকে আগুন দিয়ে ভিডিও করে পালাল দুর্বৃত্তরা

রাজশাহীর মোহনপুরে মুরগির খাবারবোঝাই একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে ভিডিও করে পালিয়ে গেছে অবরোধ সমর্থকরা। সোমবার বিকাল ৩টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে।

 

ট্রাকের চালক জহুরুল ইসলাম জানান, রাজশাহী শহরে ট্রাকে পোল্ট্রি মুরগির ফিড নিয়ে তিনি বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া যাচ্ছিলেন। এ সময় পথে নন্দনহাট এলাকায় রাস্তার ডানপাশে কয়েকজন তরুণকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন।

 

ট্রাকটি তাদের কাছাকাছি পৌঁছলে তারা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করে। এ সময় তিনি ট্রাকটি থামিয়ে দেন। এরপরই অবরোধকারীরা এসে পেট্রল ঢেলে ট্রাকে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ভিডিও ধারণ করতে করতে কয়েকজন মোটরসাইকেল নিয়ে এবং কয়েকজন বিলের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

   

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে সেখানে অগ্নিসংযোগকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

     

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে সোমবার রাজশাহীর অন্য কোথাও আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।