জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর অবস্থার প্রতিবাদ ও সংস্কারের দাবিতে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে সড়কে বাস রেখে অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। এতে জামালপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর বাস টার্মিনাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন চালক ও শ্রমিকরা। শহরের গুরুত্বপূর্ণ সড়কে বাস দাঁড় করিয়ে তারা অবস্থান নেন। এ সময় তারা টার্মিনালের বেহাল দশা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবিতে স্লোগান দেন।
পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করে বাস মালিক পরিবহন সমিতি।
আন্দোলনকারীদের অভিযোগ, জেলার একমাত্র এই বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে যাত্রীদের জন্য নেই কোনও আধুনিক সুবিধা। চালক ও শ্রমিকদের জন্য নেই খাবার বা বিশ্রামের জায়গা। শৌচাগার কিংবা গোসলের কোনও ব্যবস্থাও নেই। বৃষ্টি হলে পুরো টার্মিনাল কাদায় পরিণত হয়, হাঁটুসমান পানি জমে যায়। ঈদের সময় যাত্রী চাপ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
বাসচালক জনি মিয়া বলেন, “এই বাস টার্মিনালের অবস্থা দেখে মনে হয় না এটি একটি জেলা শহরের কেন্দ্রীয় টার্মিনাল। চারপাশে কাদা পানি, ভাঙা রাস্তা, বসার জায়গা নেই, খাবার ব্যবস্থা নেই। এর চেয়ে খারাপ পরিবেশ আর কোথাও নেই।”
একই অভিযোগ করেন শ্রমিক মো. শান্ত। তিনি বলেন, “আমরা প্রতিদিন এই টার্মিনাল থেকে সারা দেশের বিভিন্ন স্থানে বাস চালাই। অথচ আমাদের জন্য নেই কোনও সহায়তা বা সেবা। যাত্রীদেরও একই দুর্ভোগ পোহাতে হয়। আমরা বারবার দাবি জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। এবার যদি দ্রুত সংস্কার না হয়, তাহলে আবার আন্দোলন করবো।”
জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, “আমরা বহুদিন ধরে টার্মিনাল সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেবল আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। আজ তিন ঘণ্টার আন্দোলনের পর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করেছি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এদিকে আন্দোলনের ফলে শহরের বিভিন্ন রুটে যান চলাচলে বিঘ্ন ঘটে। দূরপাল্লার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষায় থাকেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “২০২৪-২৫ অর্থবছরে জামালপুর বাস টার্মিনাল উন্নয়নের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত টেন্ডারের মাধ্যমে সংস্কারকাজ শুরু হবে।”





