কুড়িগ্রামে চিলমারীর ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে বিশালাকৃতির দুটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। শনিবার বিকেলে নদের রমনা ঘাট এলাকায় জেলে বিপুল চন্দ্রের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি চিলমারীর ব্যবসায়ী সাজু কিনে নেন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্রসহ কয়েকজন জেলে ইলিশ মাছ ধরতে যান।
নদে ইলিশ মাছ ধরা আশায় জাল ফেললেও জালে দুটি বড় পাঙ্গাশ মাছ উঠে আসে। দুটি পাঙ্গাশের মধ্যে একটির ওজন ১০ কেজি ও অপরটির ওজন ১৪ কেজি। পরে মাছ দুটি স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু প্রতি কেজি ৯০০ টাকা দরে কিনে নেন।
মাছ ব্যবসায়ী সাজু বলেন, ‘ব্রহ্মপুত্র নদে মাঝেমধ্যে ছোট ছোট পাঙ্গাশ ধরা পড়লেও এবার প্রথম এত বড় মাছ ধরা পড়ছে।
নদীর পাঙ্গাশ হওয়ায় বিপুলের কাছ থেকে দুটি মাছই কিনে নিই। ১০ কেজি ওজনের মাছটি বাজারে ১১০০ টাকা দরে কেটে বিক্রি করেছি। বড় মাছটি দরদাম চলছে। ১৩০০ টাকা দামে বিক্রি করব।
’ কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, এ অঞ্চলে বাণিজ্যিকভাবে পাঙ্গাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। তবে নদ-নদীতে পাঙ্গাশ মাছ ধরা পড়ছে, এটা আশার খবর।





