Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জেল থেকে বেরিয়ে শিশুসহ গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ

admin • 20 Dec 2023, 01:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জেল থেকে বেরিয়ে শিশুসহ গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ

নাটোরের লালপুরে মাদক মামলার আসামি মো. জিয়ার (২৫) বিরুদ্ধে শিশুসহ গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আহত দুজন দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা (২২) ও রিমার চাচাতো ভাই লালনের মেয়ে মোছা. মাইমুনা (৪)। আর অভিযুক্ত জিয়া পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রিমার সঙ্গে পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জিয়ার বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওয়ার পর তার স্ত্রী রিমা তার স্বামীকে ৩ থেকে ৪ মাস আগে ডিভোর্স দেন। জামিনে বের হয়ে এসে ক্ষিপ্ত হয়ে জিয়া মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে এসিড নিক্ষেপ করে। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মাইমুনার চোখ ও মুখ মণ্ডলে লেগে গুরুতর জখম হয়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি বলেন, রোগীদের হাসপাতালে আনার পর ক্ষত স্থানে ৫০ মিনিট ধরে পানি ঢালা হয়েছে। নারী রোগীর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশে ফুলা এবং শিশুর মুখে ফুলে ও এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বিষাক্ত কোনো তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছে। রোগীদের ভাষ্যমতে এসিড নিক্ষেপের কথা বলায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

   

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলার আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।