জেলার খবর
সারা দেশ
জুলাই শহীদ পরিবারের পাশে সোহেল রানা, জিয়ারত করলেন সদ্য ও সুমনের কবর
Shakib Nahid
• 08 Aug 2026, 12:32 PM
• পঠিত 4 বার
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তিনি জামালপুরের সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ান আখতার সদ্য ও শহীদ মো. সুমন হাসানের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
কবর জিয়ারত শেষে শহীদ সাফওয়ান আখতার সদ্যের স্বজনদের সঙ্গে কথা বলেন সোহেল রানা খান। এ সময় স্বজনরা দীর্ঘদিন পর শহীদ পরিবারের খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শহীদ সদ্যের চাচা মো. ওমলউদ্দীন বলেন, “২০২৪ সালে আমার ভাতিজা শহীদ হওয়ার পর প্রথম দিকে অনেকেই আমাদের খোঁজখবর নিয়েছেন। কিন্তু গত এক বছরে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কবর জিয়ারত করতে বা আমাদের খোঁজ নিতে আসেননি। আজ যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান নিজে এসে কবর জিয়ারত করেছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন। এতে আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা কোনো কিছু চাই না, শুধু শহীদদের প্রতি সম্মানটুকু চাই।
তিনি বলেন, শহীদ হওয়ার পর থেকে সদ্যের বাবা আখতারুজ্জামান লিটন ছেলের কবরের পাশে এসে কান্নায় ভেঙে পড়তেন। সন্তান হারানোর সেই শোক আজও পরিবারকে তাড়িয়ে বেড়ায়। তবে সময়ের ব্যবধানে পরিবারে এসেছে নতুন আনন্দের খবর। সদ্যের মায়ের কোলজুড়ে একসঙ্গে জন্ম নিয়েছে তিন সন্তান—দুই মেয়ে ও এক ছেলে।
তাদের ঘিরে শোকাহত পরিবারটি আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
সোহেল রানা খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুধু আজ নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব।w
তিনি আরও বলেন, শহীদ পরিবারের দুঃখ-কষ্টকে নিজেদের দায়িত্ব মনে করে তাদের পাশে দাঁড়াতে হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন সবার দায়িত্ব।
কবর জিয়ারতের সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ সাফওয়ান আখতার সদ্য ও মো. সুমন হাসানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





