চাঁপাইনবাবগঞ্জে একটি মসজিদে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় মো. জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত।
নিহত শামসুল নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন।
নিহতের স্ত্রী শারমিন খাতুন বলেন, শিক্ষকতার পাশাপাশি জুমার দিনে বিভিন্ন মসজিদে ইমামতি করতেন শামসুল। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নামো সংকরবাটি এলাকার একটি মসজিদে নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





