Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ৮০ পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিল রেড ক্রিসেন্ট

admin • 08 Jun 2025, 04:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে ৮০ পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিল রেড ক্রিসেন্ট

ঈদুল আযহা উপলক্ষে জামালপুরে ৮০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট।

 

শনিবার (৮ জুন) সকালে ইউনিট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপহার বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. সোহাগ। কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় উপহারসামগ্রীর প্যাকেটে ছিল দেড় কেজি গরুর মাংস, চাল, আলু, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় রান্নার উপকরণ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান জ্বিলানী, সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মুফতী মো. মঞ্জুর আলম, শামীমা খান, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মো. সাঈদ বিন আনোয়ার সজিব ও মীর ইসহাক হাসান ইখলাস।

 

এছাড়া যুব রেড ক্রিসেন্টের সদস্যরাও উপহার বিতরণে সহায়তা করেন। রেড ক্রিসেন্টের এই মহতী উদ্যোগে উপহারপ্রাপ্ত পরিবারগুলোর মাঝে ঈদের আগে খুশির জোয়ার বয়ে যায়। 

 

উপহার পাওয়া সৈয়দা দুলালী বলেন, “ঈদে কিছুই কেনার সামর্থ্য ছিল না। রেড ক্রিসেন্ট যেসব জিনিস দিয়েছে, তা পেয়ে অনেক খুশি হয়েছি।” আরেক উপকারভোগী হান্নান বলেন, “আমাদের মতো পরিবারের জন্য ঈদে কিছু খাওয়াই সম্ভব হয় না। রেড ক্রিসেন্ট থেকে পাওয়া এই উপহারে আমাদের পুরো পরিবার ঈদের দিন ভালোভাবে চলতে পারবে।”

 

রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন বলেন, “কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় আমরা ৮০টি পরিবারকে দেড় কেজি গরুর মাংসসহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি। আমরা চাই, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যায়। ভবিষ্যতেও আমরা দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।